WordPress.com এবং WordPress.org এর মধ্যে পার্থক্য

শিক্ষার উদ্দেশ্য

এই পাঠ শেষে আপনি যা করতে পারবেনঃ

  • ওয়ার্ডপ্রেসকে ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে সংজ্ঞায়িত করতে পারা এবং ওয়ার্ডপ্রেস প্রকল্পে WordPress.org-এর ভূমিকা বর্ণনা করতে পারবেন।
  • WordPress.org এবং WordPress.com-এর উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং সাপোর্ট মডেলের ভিত্তিতে তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবেন।
  • WP Credits-এ বিভিন্ন এক্টিভিটির জন্য আপনি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত তা চিহ্নিত করতে পারবেন।
  • আপনার ব্যক্তিগত WP Credits ওয়েবসাইটের জন্য আপনার প্রয়োজন অনুযায়ী একটি হোস্টিং বেছে নিতে পারবেন।

WP Credits-এ এই পার্থক্যটি কেন গুরুত্বপূর্ণ

যখন আপনি WP Credits-এ যোগদান করেছিলেন, তখন আপনি WordPress.org-এ একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। এই প্রোগ্রামের পরবর্তী পর্যায়ে, আপনি আপনার অবদানমূলক কাজগুলো নথিভুক্ত করার জন্য একটি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করবেন; এবং সেই সাইটটি কোনো একটি জায়গায় হোস্ট করা হবে। WordPress.org এবং WordPress.com-এর মধ্যে পার্থক্যটি বোঝা আপনাকে কোনটি কেন ব্যবহার করবেন তা অনুধাবন করতে সাহায্য করবে এবং কোর্সটি এগিয়ে নিয়ে যাওয়ার সময় বিভ্রান্তি এড়াতে সহায়তা করবে।

ওয়ার্ডপ্রেস কী?

ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)। একটি CMS আপনাকে একেবারে শুরু থেকে কোড না লিখে একটি ওয়েবসাইট—যেমন ব্লগ, পোর্টফোলিও বা অনলাইন স্টোর—তৈরি ও পরিচালনা করতে দেয়।

ওয়ার্ডপ্রেসও একটি ফ্রি, ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স মানে হলো এর কোড সবার জন্য উন্মুক্ত: যে কেউ এটি ডাউনলোড করতে, ব্যবহার করতে এবং এর উন্নয়নে অবদান রাখতে পারে। WP Credits-এর মাধ্যমে আপনি ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস প্রকল্পে অবদান রাখছেন।

WordPress.org কী?

WordPress.org হলো ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এবং বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরদের অফিশিয়াল এড্রেস। এখানেই আপনি:

  • বিনামূল্যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন।
  • হাজার হাজার ফ্রি থিম এবং প্লাগইন পাবেন।
  • ডকুমেন্টেশন এবং কমিউনিটি সাপোর্ট ফোরাম অ্যাক্সেস করতে পারবেন।
  • অনুবাদ, কোড, প্রশিক্ষণ, সামাজিক কর্মকাণ্ড সংগঠিত করা এবং আরও অনেক কিছুর মাধ্যমে প্রকল্পে অবদান রাখতে পারবেন।

আপনার WordPress.org অ্যাকাউন্টটিই একজন ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর হিসেবে আপনার পরিচয়। এটি সেই অ্যাকাউন্ট যা আপনি Onboarding Module-এর ‘আপনার ওয়ার্ডপ্রেস প্রোফাইল শেয়ার করুন‘ লেসনে তৈরি করেছেন এবং যা আপনাকে স্ল্যাক, কন্ট্রিবিউটর টুলস এবং স্বয়ং WP Credits-এর সাথে সংযুক্ত করে।

WordPress.org কোনো ওয়েবসাইট হোস্ট নয়। এটি একটি সফটওয়্যার এবং একটি কমিউনিটি, কিন্তু একটি লাইভ ওয়েবসাইট চালানোর জন্য, সেই সফটওয়্যারটিকে অন্য কোথাও হোস্ট করতে হয়।

WordPress.com কী?

WordPress.com হলো WordPress সফটওয়্যারের উপর ভিত্তি করে নির্মিত একটি পরিচালিত হোস্টিং সেবা। আপনি যখন WordPress.com ব্যবহার করেন, তখন আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে, সার্ভার পরিচালনা করতে বা নিরাপত্তা আপডেট সামলাতে হয় না। WordPress.com আপনার জন্য এই সবকিছুর দায়িত্ব নেয়।

একটি ওয়ার্ডপ্রেস সাইট হোস্ট করার জন্য WordPress.com একটি বিকল্প। অন্যান্য পরিচালিত ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রদানকারীদের মধ্যে Bluehost, SiteGround এবং Kinsta-র মতো বিকল্পগুলো রয়েছে। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন প্ল্যান, মূল্য এবং বৈশিষ্ট্য প্রদান করে।

WordPress.com প্ল্যানগুলোর মধ্যে রয়েছে:

  • বিনামূল্যের প্ল্যান (আপনার সাইটের ডোমেইনের শেষে .wordpress.com থাকবে)
  • পেইড প্ল্যানগুলোর মধ্যে রয়েছে কাস্টম ডোমেইন নেম, প্লাগইন ইনস্টলেশন এবং সম্পূর্ণ ডিজাইন নিয়ন্ত্রণ।
  • Built-in সিকিউরিটি, পারফরমেন্স এবং স্বয়ংক্রিয় আপডেট
  • পেইড প্ল্যানগুলিতে একটি ডেডিকেটেড সাপোর্ট টিম রয়েছে

এক নজরে মূল পার্থক্যসমূহ

 

  WordPress.org WordPress.com
এটা কি ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এবং Community Contributor-দের এড্রেস একটি ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস
খরচ বিনামূল্যে ডাউনলোড করা যায়; হোস্টিংয়ের জন্য আপনাকে আলাদাভাবে অর্থ প্রদান করতে হবে। বিনামূল্যে প্ল্যান আছে; বেশি ফিচার ব্যবহার করার জন্য পেইড প্ল্যান আছে।
হোস্টিং আপনি আপনার নিজের হোস্টিং প্রদানকারী বেছে নিতে পারবেন। হোস্টিং অন্তর্ভুক্ত থাকে
থিম এবং প্লাগইন ডিরেক্টরিতে হাজার হাজার এভেইলেবল আছে। প্ল্যানে ভিত্তিতে এভেইলেবল করা হয়।
প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ফাইল, কোড এবং ডেটাবেসের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্ল্যান অনুযায়ী ভিন্ন হয়; উচ্চ স্তরের প্ল্যানগুলিতে আরও বেশি নিয়ন্ত্রণ থাকে।
সাপোর্ট কমিউনিটি ফোরাম এবং ডকুমেন্টেশন পেইড প্ল্যানগুলিতে ডেডিকেটেড সাপোর্ট টিম
কে আপডেটগুলি পরিচালনা করে আপনি (অথবা আপনার হোস্ট) WordPress.com

আপনি WP Credits-এ কোন প্ল্যাটফর্ম ব্যবহার করেন?

অবদানকারী হিসেবে আপনার পরিচয়ের জন্য আপনি WordPress.org ব্যবহার করেন। আপনার প্রোফাইল, আপনার স্ল্যাক অ্যাকাউন্ট এবং আপনার অবদান রাখার টুলগুলো সবই আপনার WordPress.org অ্যাকাউন্টের সাথে সংযুক্ত।

আপনার ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য, আপনি WP Credits চলাকালীন আপনার অবদানমূলক কাজের আপডেট প্রকাশ করার জন্য একটি সাইট তৈরি করবেন। এই সাইটটি WordPress.com-এ অথবা অন্য কোনো হোস্টিং প্রোভাইডারের মাধ্যমে হোস্ট করা হবে। আপনি যখন অনবোর্ডিং মডিউলের ‘আপনার ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করুন’ পাঠে পৌঁছাবেন, তখন আপনার প্রোগ্রাম কো-অর্ডিনেটররা কোন হোস্টিং বিকল্পটি ব্যবহার করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেবেন।

আপনি যে হোস্টই বেছে নিন না কেন, একটি কথা সত্যি: আপনার কন্টেন্টের মালিক আপনিই। আপনার প্রয়োজন পরিবর্তন হলে আপনি হোস্টিং প্রোভাইডার পরিবর্তন করতে পারেন।

আরও গভীরে যেতে চান? ‘Learn WordPress’-এর ‘What is the difference between WordPress .Com and .Org?’ লেসনটিতে একটি সংক্ষিপ্ত ভিডিও রয়েছে, যেখানে এই ধারণাগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে; আপনি যদি পড়ার চেয়ে দেখতে বেশি পছন্দ করেন, তবে সেটিও দেখতে পারেন।

Key Terms বা গুরুত্বপূর্ণ শব্দাবলী

 

Term বা পরিভাষা Definition বা সংজ্ঞা
Content management system (CMS) এমন সফটওয়্যার যা আপনাকে শুরু থেকে কোড না লিখেই ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি, পরিচালনা এবং প্রকাশ করতে দেয়।
Open source software এমন সফটওয়্যার যার কোড যে কেউ ব্যবহার, স্টাডি করা, পরিবর্তন এবং শেয়ার করার জন্য পাবলিকলি এভাইলেবল আছে।
WordPress.org ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এবং ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর কমিউনিটির আনুষ্ঠানিক হোমপেজ
WordPress.com একটি কাস্টমাইজড ওয়ার্ডপ্রেস হোস্টিং সেবা যা সার্ভার সেটআপ, নিরাপত্তা এবং সফ্টওয়্যার আপডেট পরিচালনা করে।
Managed hosting এমন একটি হোস্টিং ব্যবস্থা যেখানে সেবা প্রদানকারী আপনার পক্ষ থেকে সার্ভার, নিরাপত্তা এবং সফটওয়্যার আপডেট পরিচালনা করে।
Theme একগুচ্ছ ফাইল যা একটি ওয়ার্ডপ্রেস সাইটের বাহ্যিক রূপ এবং বিন্যাস নিয়ন্ত্রণ করে।
Plugin সফটওয়্যার যা একটি ওয়ার্ডপ্রেস সাইটে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা কার্যকারিতা যোগ করে

আপনি বুঝেছেন কিনা যাচাই করুন

  1. WP Credits-এ, আপনি বিভিন্ন উদ্দেশ্যে WordPress.org এবং একটি হোস্টিং প্রোভাইডার যেমনঃ WordPress.com  উভয়ই ব্যবহার করেন। দুটি ভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্টের প্রয়োজন কেন, তা নিয়ে বিভ্রান্ত এমন একজন সহপাঠীকে আপনি এই পার্থক্যটি কীভাবে ব্যাখ্যা করবেন?
  2. আপনার একজন সহপাঠী তার ব্যক্তিগত WP Credits ওয়েবসাইট তৈরি করতে চান এবং তিনি WordPress.com ব্যবহার করবেন নাকি অন্য কোনো হোস্টিং প্রোভাইডার ব্যবহার করবেন, তা নিয়ে নিশ্চিত নন। তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আপনি কী কী প্রশ্ন করবেন?